ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রকৃতিগতভাবেই যে সামাজিক প্রতিরোধ রয়েছে তা দুর্বল করতে একের পর এক সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে- মানুষের মনে ভীতি সৃষ্টি করে উগ্রবাদের বিরুদ্ধে এ প্রতিরোধকে দুর্বল করা।
বৃহস্পতিবার দেশের সর্ববৃহৎ ঈদ জামাত শুরু হওয়ার আগে তার আধা কিলোমিটারের মধ্যেই সন্ত্রাসী হামলার
ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য, স্থানীয় একজন মহিলা এবং একজন সন্ত্রাসী নিহত হয়।
এই ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। আক্রমণকারীরা বোমা, চাপাতি এবং বন্দুক নিয়ে হামলা চালায়।
ঘটনার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এতে ভীত না হওয়া যাবে না। তাহলে সেটা জঙ্গিদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’
“জঙ্গিদের মূলৎপাটনের জন্য এ মুহূর্তে সামাজিক প্রতিরোধ খুব গুরুত্বপূর্ণ।”
সম্প্রতি দেশে গুম, হত্যাসহ জঙ্গিবাদ বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে সারাদেশের এক লক্ষ আলেম ও ইমামের সাক্ষর সংগ্রহ করেন ফরীদ উদ্দীন মাসউদ। গত ৩ জানুয়ারি
থেকে ৩১ মে পর্যন্ত সংগৃহীত মতামতের ভিত্তিতে তৈরি করা হয় ৩০ খণ্ডের
ফতোয়া।
সেখানে বলা হয়, “মানুষ হত্যা ও জঙ্গিবাদ হুর-পরীর বেহেস্ত পাবার পথ নয়, এটা জাহান্নামের পথ।”
এ কারণে তিনি জঙ্গি হামলা লক্ষ্য হতে পারেন জানিয়ে বলেন, ‘যে সব তরুণ বেহেশত পাওয়ার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী।’
সেই পথ ছেড়ে আসার জন্য আহবান জানিয়ে ফরীদ উদ্দীন বলেন, ‘তোমরা বিভ্রান্ত হয়েছ, এটা ইসলাম বিরোধী। স্নেহ ও ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা শিগগিরই সহিংসতা ও উগ্রবাদের পথ ছেড়ে দাও এবং স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে আসো।’









