বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী গাইড সদস্যবৃন্দ তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখতে ‘বিশ্ব চিন্তা দিবস’ হিসেবে উদযাপন করে।
এ উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন-এর রাজধানী অঞ্চলের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় বেইলী রোড, গাইড হাউজ, জাতীয় কার্যালয়ের গাইড অডিটোরিয়ামে এবারের থিম : ‘Grow’ নিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম।
জাতীয় কমিশনারের বাণী পাঠ, প্রতিজ্ঞা নবায়ন, চিন্তা দিবসের চাঁদা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড ও রেঞ্জাররা সঙ্গীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে।


রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদেপাখি, গাইড, রেঞ্জার, গাইডার ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ প্রায় ৭০০ গাইড সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










