নিহত তিন জঙ্গি জেএমবির সদস্য। ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা ও ধ্বংস করার পরিকল্পনা ছিলো তাদের। শুক্রবার দুপুর দুইটার দিকে পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা রুবি ভিলার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।
তিনি আরো বলেন, ২০০০ টাকা দিয়ে ফ্ল্যাটের রুম ভাড়া নিয়েছিলো জঙ্গিরা। পাঁচতলার পূর্ব সাইডে রুম নিয়েছিলো তারা। ৬ তলা ভবনটির পাঁচ ও ছয় তলায় মেস ছিলো। ওই ফ্ল্যাটে তিন জঙ্গি ছিলো। তাদের একজনের নাম জাহিদ। বাকি দুই জনকে সনাক্ত করা যায়নি, কারণ তাদের কাছে একই আইডি কার্ড ছিলো। মোট ৭ জন থাকতো ফ্ল্যাটটিতে।
ভবনটির কেয়ারটেকার রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে গেছে র্যাব। মুফতি মাহমুদ খান জানান, র্যাব যদি ঠিক সময়ে আসতে না পারতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো। আমরা আগেই গ্যাসের লাইন কেটে দিয়েছিলাম। তা না হলে অনেকগুলো মানুষের ক্ষতি হতো।
ওই ভবনে মোট এগারোটি ফ্ল্যাট। রাত ৩টায় শুরু হয় মূল অভিযান। এর আগে ২টা থেকেই অভিযান শুরু হয়। এর আগেও ২০১৩ ও ২০১৬ সালে এই বাসা থেকেই বেশ কয়েকজন জঙ্গিকে আটক করা হয় বলেও জানান এই র্যাব কর্মকর্তা।









