দশ বছর চুটিয়ে সংসার করেছেন। এরপরই যেন কী থেকে কী হয়ে গেল রায়ান গিগসের সংসারে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, স্ত্রী স্টেসি গিগসের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডিফেন্ডার। শুক্রবার থেকে এই ‘দুজনার পথ যেন দুদিকে গেছে বেঁকে’।
শুক্রবার সেন্ট্রাল লন্ডনের আদালতে এসে বিচ্ছেদ পর্ব সেরেছেন গিগস এবং তার সদ্য সাবেক হয়ে যাওয়া স্ত্রী স্টেসি কুক। বিচ্ছেদ পরবর্তী সমস্ত প্রক্রিয়া সারতে দুজনকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন আদালত।
২০০৭ সালে স্টেসি কুকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ম্যানইউর হয়ে ৯৬৩টি ম্যাচ খেলা গিগস। দশ বছরের সংসারে দুটি সন্তান আছে তাদের। বিচ্ছেদের পর সন্তানদের বেশি সময় দিতে চান সদ্য সাবেক হওয়া ‘মিসেস গিগস’। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এমনটাই।
চাইলে সন্তানদের সঙ্গে যখন-তখন দেখা করার অধিকারও থাকছে গিগসের। পাশাপাশি দুই সন্তানের ভরণ-পোষণের দায়িত্বও নিতে হবে ২৪ মৌসুম রেড ডেভিলদের রক্ষণ দুর্গ সামলানো ওয়েলসের সাবেক তারকাকে।









