চলচ্চিত্রের নান্দনিক তত্ত্বের নতুন জানালা দিয়ে দেখা আহমেদ তাহসিন শামসের ‘দেহ স্টেশন’ চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হতে না হতেই সাড়া জাগিয়েছে এই ঈদে প্রকাশ পাওয়া ছবিটির গান।
গানগুলো পাওয়া যাচ্ছে ইটিউনস-এর নিজস্ব ওয়েবসাইটে। আহমেদ তাহসিন শামস, ইশতিয়াক ফয়সাল ও নীল কামরুলের কথা এবং নীল কামরুলের পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, তানজির তুহিন (শিরোনামহীন), শামায়লা বেহরোজ রহমান।
চলচ্চিত্রে রয়েছে ৩টি গান। ফাহমিদা নবীর কণ্ঠে ‘বন্ধু বিহনে’ এবং তুহিনের কণ্ঠে ‘সত্য মিথ্যার কুণ্ডলী’ দুটি সম্পূর্ণ নতুন গান। শামায়লা গেয়েছেন হংস দাস বাউলের বিখ্যাত সৃষ্টি ‘শ্যাম অঙ্গে রাই’।
মৌমিতা মিত্র (কলকাতা), শাহাদাত হোসেন, এস এম মহসিন, হোসাইন মোহাম্মাদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মাদ ইকবাল হোসেন, ফারহানা ইভা প্রমুখের অভিনয়ে ছবিটি এই বছরের শেষ দিকে মুক্তি পাবে বলে আশা করছেন নির্মাতা।
এটি এক নিশিকন্যা আর তার মেয়ে সন্তানের জীবনের গল্প, আমাদের সমাজে বেঁচে থাকার গল্প। তাদের ভালোভাবে টিকে থাকার চেষ্টায় চারপাশের বাধা আর সামাজিক অসহযোগিতা চলচ্চিত্রটিতে চিত্রায়িত হয়েছে।
“সত্য মিথ্যার কুণ্ডলি গানটি অস্ফূটে জানান দেয় এই সমাজের বিভিন্ন দিক। শ্রোতা সাধারণকে স্বতঃস্ফূর্তভাবে উপহার দেবার মত গান এটি,” বলেন তুহিন।
ফাহমিদা নবী তাঁর গান সম্পর্কে জানান, “বন্ধু বিহনে গানটি বিরহ-প্রেমের গান যার কথাগুলো বিভিন্ন চরিত্রের দৃষ্টি থেকে দেখা যেতে পারে।”
“এ হলো নিশিকন্যাদের আলো-আঁধারি জীবনের প্রতিচ্ছবি,” সম্পূর্ণ সাদাকালো ছবি নির্মাণের পেছনের গল্পটি জানালেন ছবির গল্পকার ও পরিচালক আহমেদ তাহসিন শামস।
তিনি আরো বলেন, “বাচনে, শিল্পে, চরিত্র আর নকশায় নতুনত্ব নিয়ে খেলতে গিয়েই ছবিটির সৃজন।”
চলচ্চিত্রের ট্রেইলার পাওয়া যাচ্ছে ইটিউনসের ইউটিউব চ্যানেলে । গানবাংলা টিভি চ্যানেলের পর্দায় দেখা যাচ্ছে ছবিটির মিউজিক ভিডিওগুলো। গান তিনটি শোনা যাচ্ছে রেডিও আমার এফএম ৮৮.৪, রেডিও টুডে এফএম ৮৯.৬, ঢাকা এফএম ৯০.৪ ও রেডিও ধ্বনি এফএম ৯১.২-সহ বিভিন্ন প্রাইভেট রেডিও স্টেশনে।
ট্রেইলার: দেহ স্টেশন






