কালচারাল লিওনেসার কাছে ২-১ গোলে হেরে কোপা ডেল রের শেষ-৩২ থেকেই ছিটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের দল কিছুদিন আগে স্প্যানিশ সুপার কাপের সেমিতে বার্সেলোনাকে হারিয়েছিল। সুতোয় ঝুলতে থাকা তখনকার কোচ আর্নেস্টো ভালভার্দের পদটা সেই হারের পর কেড়েই নিয়েছে বার্সা।
নতুন কোচ কিকে সেঁতিয়েনের অধীনে কোপা ডেল রের শেষ ৩২-এ জিতেছে বার্সেলোনা। তার আগে লিগে লিওনেল মেসির গোলে কোচকে জয়ে অভিষিক্ত করেছে ন্যু ক্যাম্প। কোপার শেষ ষোলোয় গেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদও।
স্প্যানিশ লিগের তিন জায়ান্টের এক অ্যাটলেটিকোই যেতে পারল না সেরা ষোলোয়। তৃতীয় সারির দল লিওনেসা সেখানে ছয় দশক পর কোপা ডেল রের সেরা ষোলোর টিকিট কেটেছে।
গোলশূন্য প্রথমার্ধের পর অবশ্য প্রথম গোলটি করেছিল অ্যাটলেটিকোই। ম্যাচের ৬২ মিনিটে ফেলিক্সের পাসে অ্যাঙ্গেল কোর্রেয়ার গোল হাসি ফোটায় সিমিওনের মুখে।
সেই হাসি মিলিয়ে যাওয়ার শুরু ৮৩ মিনিটে। স্বাগতিকদের হুলেন কাস্তান্দা যখন সমতা ফেরান। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পরে ১০৮ মিনিটে সার্জিও বেনিতো গোল করে অ্যাটলেটিকোর বিদায় নিশ্চিত করেছেন।
অন্যদিকে, কোপা ডেল রেতে ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। একদিন আগেই শেষ ষোলোয় গেছে দুই জায়ান্ট। এস্তাদি কেন মিস্সেসে বুধবার রাতে কোপার শেষ ৩২-এর ম্যাচে ইবিজার মাঠে ২-১ গোলে জিতেছে মেসিবিহীন বার্সেলোনা। আর ইউনিওনিস্তাস দে সালামাঙ্কার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল।









