বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, বর্তমান সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে। বেগম জিয়াকে ছেড়ে যারা যাবেন, তারাই মাইনাস হবেন। কে নির্বাচনে যাবে, কে যাবে না সেটি নির্বাচনকালীন সময় দেখা যাবে। অগ্রীম কথা বলে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা যাবে না। বিএনপি ও বেগম খালেদা জিয়া ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
‘বিএনপি নির্বাচনে আসবে, আসতে বাধ্য হবে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাব দিয়ে তিনি বলেন, আপনি আমাদের ঘরের খবর কীভাবে জানেন? তিনি হয়তো এই বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, বিএনপি ভেঙে যাবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে পারে না। বিএনপির নিবন্ধন থাকবে কি থাকবে না, সেটি জনগণ ঠিক করবে। আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই নিবন্ধন বাতিল করার। একমাত্র জনগণই বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে।
তিনি বলেন, আমরা সমাবেশ করতে পারি না। অনুমতি নিতে হয়। অনুমতি দেয় না। মাইক বাজাতে পারি না। অথচ আজ দেখুন রাস্তাঘাটে, ঘরে-ঘরে মাইক বাঁজছে। সে বিষয়য়ে আমার আপত্তি নেই। আমার বক্তব্য হলো, কেন এই বৈষম্য? এই বৈষম্যমূলক আচরণ যারা করে তারা গণতান্ত্রিক নয়। এই সরকার জনবান্ধব নয়, গণতান্ত্রিক নয়। এ কারণে গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে।
মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।









