ইদানীং ছবির প্রচারণার জন্য পোস্টার, টিজার, গানের পাশাপাশি শিল্পীরা সরাসরি বিভিন্ন স্থানে গিয়ে জনসংযোগ এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে বহু প্রতীক্ষিত ‘বাহুবলি ২’ ছবির পোস্টার, একটি ট্রেলার এবং দুই চারটি ইভেন্ট ছাড়া এখন পর্যন্ত কোনো গান বা দৃশ্য প্রকাশ করেননি নির্মাতারা। তবে, এক্ষেত্রে ভিন্ন পন্থা অবলম্বন করলেন ‘বাহুবলি ২’ ছবির অভিনেতা রানা ডগ্গুবতি। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেই ফাঁস করলেন ‘বাহুবলি ২’ ছবির শুটিংয়ের অনেকগুলো দৃশ্য। ছবির সাথে তিনি লিখেছেন, সহশিল্পীদের সাথে কাজ করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। শুটিংয়ের সময় তোলা এই দৃশ্যগুলো প্রচুর লাইক এবং কমেন্টের বন্যায় ভেসে গেছে।
কোনোভাবেই যেন ছবিটি পাইরেসির কবলে না পড়ে, তার জন্য ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়েছিলেন কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুটিংয়ের সময় তো বটেই, সম্পাদনার কাজেও ছিল কড়া নিরাপত্তা। সিসি ক্যামেরার আওতায় ছিল পুরো জায়গা। কোনোভাবেই যেন ছবির কোনো কিছু ফাঁস হয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই এত নিরাপত্তা। তাই এতদিন ফাঁস হয়নি শুটিংয়ের কোনো দৃশ্য। প্রকাশ পাওয়া ছবিগুলোতে অভিনেতা প্রভাস এবং রানা ডগ্গুবতিকে পরিচালক রাজামৌলি এবং প্রযোজক শোবু ইয়ারলাগাড়ার সঙ্গে আড্ডা দিতে দেখা যায়।
‘বাহুবলি’র ভক্তদের জন্য আরেকটি চমকপ্রদ তথ্য হল, জনপ্রিয় অভিনেতা প্রভাস এই ছবিতে থাকছেন তিনটি চরিত্রে। ছেলে মহেন্দ্র বাহুবলি এবং বাবা অমরেন্দ্র বাহুবলি তো বটেই, মহেন্দ্র বাহুবলির দাদার ভূমিকাতেও নাকি থাকছেন তিনি।
‘বাহুবলি : দ্যা কনক্লুশন’ ছবিতে আরও অভিনয় করেছেন আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রম্য কৃষ্ণ, সত্যরাজ এবং আরও অনেকে। অসমাপ্ত কাহিনী এবং প্রশ্নের জবাব, সবই মিলবে এবারের ছবিতে। ছবিটি ২৮ এপ্রিল মুক্তি পাবে। ডেকান ক্রনিকল।













