রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত রেললাইন সংলগ্ন এলাকায় র্যাবের উচ্ছেদ অভিযান চলছে।
বুধবার বিকেলে বনানী থেকে র্যাবের এ অভিযান শুরু হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, রেললাইন কেন্দ্রীক ভাসমান মাদক ও ছিনতাইকারীদের আখড়া উচ্ছেদে র্যাবের বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে বনানী থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হবে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, রেল স্টেশনগুলো বিভিন্ন অপরাধের আখড়া। আজকে থেকেই ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে র্যাব রেল স্টেশনের আশে-পাশের এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালাবে। রেল লাইন সংলগ্ন ভাসমান এসব অপরাধের আখড়াগুলো উচ্ছেদ করা হবে। আজকেই বনানী থেকে আমরা এ অভিযান শুরু করব।
এরআগে বুধবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর আবারো আলোচনায় থাকা বনানী থেকে বিমানবন্দরগামী রেল লাইন সংলগ্ন ভাসমান মাদক ও ছিনতাইকারীদের আখড়া উপড়ে ফেলার দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন র্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।









