সিলেট থেকে: কী পরিকল্পনা ঘিরে অনুশীলন করলেন আজ? সিলেট বিকেএসপির মাঠে অনুশীলন শেষে জামাল ভুঁইয়াকে ছুঁড়ে দেয়া হল এমন প্রশ্ন। ‘ফিলিপিন্সের চারজন খেলোয়াড় বিদেশি লিগে খেলে। ওদের ব্যাপারে আমরা একটু কাজ করলাম।’ -বাংলাদেশ অধিনায়কের সোজাসাপ্টা উত্তর। সঙ্গে জানিয়ে দিলেন ফিলিপিন্সের দুর্বল জায়গাটাও খুঁজে পেয়েছেন তারা।
সেই দুর্বল জায়গা কী? জামাল জানালেন, ‘ওদের রক্ষণ একটু ধীর বলে আমি মনে করি। আমার কাছে মনে হয়েছে এটাই ওদের দুর্বলতা। আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ফিলিপিন্স। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
ফিলিপিন্সের রক্ষণকে দুর্বল ভাবলেও অবশ্য আক্রমণভাগকে নিয়ে দুশ্চিন্তায় জামাল। লাওসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন দলটির অধিনায়ক মিসাগ বাহাদুরাং। খেলেন মালয়েশিয়া লিগে। প্রথম ম্যাচে গোল তো করেছেনই, বাকি দুই ফরোয়ার্ডের গোল পাওয়ার পেছনেও ছিল পরোক্ষ ভূমিকা। এই তিন ফরোয়ার্ডকে আটকাতে স্বাগতিক ডিফেন্ডারদের নিয়ে আলাদা একটি সেশনই করেছেন জেমি ডে।
বড় দলের বিপক্ষে ম্যাচ। কিন্তু সেই ম্যাচে স্বাগতিক অধিনায়ক নিজে খেলবেন কিনা সেটা নিয়ে সংশয়। অভিজ্ঞ ডিফেন্ডার ওয়ালি ফয়সালের সঙ্গে জামালকেও রাখা হতে পারে বিশ্রামে। কোচের দল নির্বাচন সম্পর্কে অবশ্য কোনো ধারণা দিলেন না জামাল, ‘আমি কী খেলবো? আমি হয়তো জানি। আবার জানি না!’
দার্শনিক ভঙ্গিতে কথাটা বলেই টিম বাসে উঠে গেলেন ডেনমার্ক বংশোদ্ভূত বাংলাদেশ অধিনায়ক।









