ফিল্ড ওয়ার্কে এসে পাহাড়ি গুহায় আটকে পড়ার তিনদিন পর উদ্ধার হয়েছেন লুকাস কাভার (১৯) নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয় ছাত্র। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কেভিং ক্লাবের আয়োজনে লুকাস কাভার রোববার সাউথ ইন্ডিয়ানার সুলিভান গুহা পরিদর্শনে গেলে সেখানে আটকে পড়েন।
লুকাস তার দল থেকে আলাদা হয়ে গেলে দলের অন্যরা তাকে ফেলে রেখেই বাইরে এসে গুহার মুখ আটকে চলে যায়। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সেটা শুনতে পারেনি। পরে কেভিং ক্লাবের সভাপতি গুহায় খুঁজতে গেলে তাকে উদ্ধার করা হয়।
লুকাস কাভার ‘ইন্ডিয়ানা ডেইলি স্টুডেন্ট’কে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘আমি ভীষণ বিভ্রান্ত ও বেশ ভয়ে ছিলাম। টিকে থাকতে গুহার গায়ের তরল খেয়ে শরীরের পানি স্বল্পতা মিটিয়েছি। মোবাইল ফোন থেকে পরিবারকে বিদায় জানিয়ে ক্ষুদে বার্তাও পাঠিয়েছিলাম।’
উদ্ধার হওয়ার পর ছাত্রটি তার ফেসবুক পোস্টে লিখেন, সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি ভালো আছি, মাত্র ৩০ মিনিট আগে আমি উদ্ধার হলাম। আমার কাছে মনে হচ্ছে আমি আবার পৃথিবীতে এসেছি।
এ ঘটনায় নেতৃত্বের ব্যর্থতাকে দায়ি করেছে কেভিং ক্লাব।









