ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস (সাধারণ সম্পাদক) পদে এককভাবে লড়বেন সাংবাদিক সমিতির দুইবারের সভাপতি এ. আর. এম আসিফুর রহমান।
মঙ্গলবার সকালে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রার্থীতার কথা ঘোষণা করে সবার দোয়া, সহযোগিতা, সমর্থন ও শিক্ষার্থীদের ভোট প্রত্যাশা করেছেন।
আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন আসিফ।
আসিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করছেন। পাশাপাশি ঢাবি সাংবাদিক সমিতির দুইবারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সরব উপস্থিতি রয়েছে।
আসিফুর রহমান বলেন, ‘স্বতন্ত্রভাবেই এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। এজন্য সবার কাছে ভোট ও দোয়া কামনা করছি।
কোনো বৃহৎ প্যানেল করার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে আসিফ বলেন, কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা প্রার্থীর সাথে যদি আদর্শিক দ্বন্দ্ব না থাকে তাহলে আমি যে কাউকেই স্বাগত জানাবো।









