জিম্বাবুয়ে সফরে প্রথম দিনে মাঠে নেমেই চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সফরকারীরা গুটিয়ে গেছে ২১৯ রানে। পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না হারিয়ে ১৯ রান তুলেছে স্বাগতিকরা।
২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা রানের খাতা খুলতে না পারলেও দুই চার ও এক ছক্কায় ১৭ রানে অপরাজিত আরেক ওপেনার সলোমন মায়ার। দিনের শেষ ওভারে তৃতীয় বলে ছক্কাটি হাঁকান এই ডানহাতি ব্যাটসম্যান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল না হলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ভালই এগোচ্ছিল ক্যারিবীয়রা। ৫ উইকেট হারিয়ে ২০০ রান পূর্ণ করে দলটি। চা-বিরতির পর জিম্বাবুয়ের বোলারদের দাপটে ১৭ রানে শেষ ৫ উইকেট হারালে অলআউট হয়ে যায় সফরকারীরা।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন চার নম্বরে নামা সাই হোপ। ৯০ রানে অপরাজিত থেকে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। কাইরন পাওয়েল করেন ৫৬ রান।
জিম্বাবুইয়ান লেগস্পিনার গ্রায়েম ক্রেমার নিয়েছেন ৪টি উইকেট। ৩ উইকেটে নেন বাঁহাতি স্পিনার শন উইলিয়ামস।









