টেস্টে নিজেদের মাটিতে সফলভাবে লক্ষ্য তাড়ার শ্রীলঙ্কার রেকর্ডটি ৩৫২ রানের। ক্রিকেটে নতুন করে জন্ম নেওয়া জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া ৩৮৮ রানের লক্ষ্যটা তাই পাহাড়সমই হয়ে দাঁড়িয়েছে লঙ্কানদের সামনে। প্রথম ইনিংসে ১০ রানের লিডের সঙ্গে ৩৭৭ রান যোগ করে সোমবার দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
কলম্বো টেস্টের চতুর্থ দিনের শুরুতেই নিজের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছেন সিকান্দার রাজা। আগের দিনে ৯৭ রানে অপরাজিত রাজা সোমবার ইনিংস টেনে নিয়েছেন ১২৭ রান পর্যন্ত। সঙ্গে ম্যালকম ওয়ালারের ৬৮ এবং অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৪৮ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে পেয়েছে ৩৭৭ রানের বিশাল সংগ্রহ।
সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৫২ রান তাড়া করে জেতা ছাড়াও আরেক মাত্র একবারই তিনশর বেশি লক্ষ্য ছুঁতে পেরেছে লঙ্কানরা। সেটি এই জিম্বাবুয়ের বিপক্ষেই। এই কলম্বোতেই সেবার ছিল ৩২৬ রানের লক্ষ্য। আর চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৯১ রান করেও পাকিস্তানের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।









