২৫ মার্চ কালরাতে পাকিস্তানী হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের অন্যতম লক্ষ্য ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। ওই রাতে জগন্নাথ হলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিলো পাকিস্তানী হানাদার বাহিনী। শিক্ষকসহ হত্যা করা হয়েছিলো কয়েকশ ছাত্রকে।
কোন শব্দ নেই, এখানে ঘুমাচ্ছেন তারা, যাদেরকে পাকিস্তানী হানাদাররা নৃশংসভাবে হত্যা করে গণকবর দিয়েছিলো। একরাতে ৬ থেকে ৭’শ ছাত্রকে হত্যা করে পাকিস্তানি বাহিনী।
২৫ মার্চ কালরাতে ঐ ঘটনা মনে পড়লে এখনো আতংকে কেঁপে ওঠেন এই সনাতন ধর্মাবলম্বীরা। পাকিস্তানি বাহিনী জগন্নাথ হলে ঢুকে দর্শন শাস্ত্রের জনপ্রিয় শিক্ষক অধ্যাপক জি সি দেবকে হত্যা করে। তার সঙ্গে হত্যা করে তাঁর মুসলিম দত্তক কন্যার স্বামীকেও।
এর পর পাকিস্তানি বাহিনী বিশ্ববিদ্যালয় কর্মচারী বাসভবনে আক্রমণ করে এবং সেখানে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানকে তাঁর পুত্র ও আত্মীয়সহ হত্যা করে। জগন্নাথ হলে প্রভোস্ট অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা পাকিস্তানি বাহিনীর হাতে মারাত্মকভাবে আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচিতে ২৫ মার্চের সেই অভিশপ্ত কালরাতে নিহতদের স্মরণ করছে জগন্নাথ হল।






