দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি খালেদা জিয়া অসুস্থতার সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করছেন, কারা কর্তৃপক্ষ অসুস্থতার কারণ দেখিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির করেনি। কী অসুখ তা কারা কর্তৃপক্ষ জানায়নি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ম্যাডামের বয়স হয়েছে। তার আগে থেকেই নানা ধরনের অসুখ আছে। নতুন করে কী অসুখ হয়েছে আমরা জানি না। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নানা রোগ আছে। তার শ্বাস কষ্ট আছে। হাঁটুতে সমস্যা। আবার চোখেরও অপারেশন হয়েছে । সে বিষয়ে জানা প্রয়োজন। কিন্তু জানতে পারছি না। কিছু বলাও হচ্ছে না। কারাগারে তাকে নির্জনে রাখা হয়েছে। তার সঙ্গে শুধু গৃহকর্মী ফাতেমা ছাড়া আর কেউ নেই। এই অবস্থায় মানসিকভাবেও তিনি দুর্বল হয়ে পড়তে পারেন। তার পারিবারিক যে ডাক্তার আছেন কারাগারে যাওয়ার অনুমতি পাননি তিনি এখনো।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অসুস্থতার বিষয়ে সংবাদ সম্মেলনে যা বলেছেন, তার উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার যে ধরনের অসুস্থ আছেন তার জন্য সে ধরনের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। তিনি জেলে আছেন বলে তার প্রতি অমানবিক আচরণ করা হবে না। প্রয়োজন হলে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।’ তিনি আরো বলেছেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যা যা করা দরকার সব ব্যবস্থা করা হবে। তার অসুস্থতা কেমন তার ওপর নির্ভর করে চিকিৎসা করানো হবে। চিকিৎসকরা যদি মনে করেন চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ আমরাও মনে করি যে খালেদা জিয়ার অসুস্থতার সংবাদ যদি সঠিক হলে সরকারে উচিৎ হবে অবিলম্বে তার সুচিকিৎসার ব্যবস্থা করা। যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, তার অসুস্থতা পরীক্ষা করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে, তার অসুস্থতাকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকেই কোনো রাজনৈতিক খেলা হবে না বলেও আমরা আশা করি। কেউ যেনো এটাকে রাজনৈতিক কোনো এজেন্ডা না বানান।









