জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দুবার জোটগতভাবে নির্বাচন করে তারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাই এবার এককভাবে নির্বাচন করবে তারা। দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন আর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না জাতীয় পার্টি, এবার নিজেরাই ক্ষমতায় যাবে।
৩১ বছর আগে ইংরেজী বছরের প্রথম দিনে জন্ম হয়েছিল জাতীয় পার্টির। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহরাওয়ার্দি উদ্যানে জাপার মহাসমাবেশে সকাল থেকেই নেতা কর্মীরা ভীড় জমায়। সমাবেশের উদ্বোধন করেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গেল বছর দলীয় কোন্দল, স্থানীয় নির্বাচনে ব্যর্থতা এগুলো নিয়েই আলোচনায় থাকা জাতীয়পার্টির নেতারা নতুন বছর শুরুও করতে চায় নতুনভাবে।
ভোটের অঙ্কের হিসাব নিকাষ করে দলীয় প্রধানের চিন্তা এখন আগামী নির্বাচন নিয়ে।
আক্ষেপ করে এরশাদ বলেছেন, এটাই হয়তো তার শেষ নির্বাচন। এ নির্বাচনে জয়ী হয়ে তিনি সারা জীবন নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকতে চান।









