সারাদেশে যারা নিজেদের পরিশ্রমে এগিয়ে চলেছেন এবং অবদান রেখেছেন পরিবার বা সমাজে, সেই ক্ষুদ্র উদ্যোক্তাদের মিলনমেলা বসেছিল আজ সোমবার বিকালে, চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। ‘বাংলার উদ্যোক্তার পণ্যে বিশ্বজয়’ এই স্লোগান নিয়ে এই আয়োজন করেছে ভাগ্যলক্ষ্মী ফাউন্ডেশন।
আয়োজনে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিবুল্লাহ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশ পলি-টেকনিক্যাল ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমেদ জাঁকি, ভাগ্যলক্ষ্মী ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা অপু মাহফুজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর অতিথিরা বেলুন উড়িয়ে উদ্যোক্তা বিকেলের উদ্বোধন করেন।

সারা দেশের উদ্যোক্তাদের পণ্য ও সেবা এক জায়গা থেকে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি অনালাইন মার্কেট www.sultanbdworld.com–এর উদ্বোধন করা হয়। অতিথিরা উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে আলোচনা পর্বে ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।
কে এম হাবিবুল্লাহ বলেন, ‘স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল, ততটুকু হয়নি ক্ষুদ্র ও কুটির শিল্পে। অথচ দেশের ৮০ ভাগ মানুষই এই দুই খাতে কর্মরত আছে। এই খাতের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।’
ফরিদুর রেজা সাগর বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন অদম্য মেধাবী উদ্যোক্তারা। তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারলে জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি হবে।’

শাইখ সিরাজ বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে আছে অর্থনীতির বিভিন্ন সম্ভাবনাময় খাত। দেশের উন্নয়নের জন্য এই খাতগুলোকে তুলে ধরতে হবে। সঠিকভাবে তুলে ধরতে পারলে জিডিপি বাড়বে।’
সৈয়দ আহমেদ জাকি বলেন, ‘২০১৪ সাল থেকে উদ্যোক্তাদের নিয়ে এমন কার্যক্রম চলছে। আজ আমরা এক মিলনমেলা করছি। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ব দরবারে আমরা আমাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারব।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আড্ডায় মেতে উঠেন উদ্যোক্তারা।
ময়মনসিংহ থেকে আসা তৃণমূল কারুপণ্যের উদ্যোক্তা আইনুন নাহার চ্যানেল আই অনলাইনকে বলেন, এই আয়োজনের মধ্যে দিয়ে সব উদ্যোক্তাদের মধ্যে একটি নতুন যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।

ঢাকার বিবির আয়নার নামের অনলাইন শপিংয়ের উদ্যোক্তা আলেয়া আফরিন জানান, সবাইকে নিয়ে অনলাইন মার্কেটের এই সাইটের কারণে আমরা উপকৃত হলাম।
ছবি : রনো মাহমুদ
আরও দেখুন ভিডিও রিপোর্টটে:









