ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে বেশ সরব ছিলেন লিটন দাস। সিরিজের শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ম্যাচ জেতাতেও রেখেছেন বিরাট ভূমিকা। আর তাতে আইসিসির র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন ডানহাতি এ ব্যাটার।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন লিটন। বেন স্টোকসকে পেছনে ফেলে ৬১৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন ড্যাশিং এ ব্যাটার। তবে সিরিজ সেরা হওয়া তামিম ইকবাল রয়েছেন অপরিবর্তিত।
বুমরাহকে সরিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন জসপ্রিত বুমরাহ। তবে শীর্ষস্থানে এক সপ্তাহও টিকতে পারলেন না ভারতের পেসার।
১৯ রানে ৬ উইকেট নেয়ার পরের ম্যাচে ২ উইকেট পেয়েছিলেন বুমরাহ। তবে ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। তাতেই আবারও দুইয়ে নেমে গেছেন। ৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বোল্ট।
সেরা দশ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন রাসি ভ্যান ডার ডাসেন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পেছনে ফেলে তিনে উঠে এসেছেন ডানহাতি এ ব্যাটার। এক ধাপ অবনতি হয়েছে কোহলির। দুই ধাপ পিছিয়ে কুইন্টন ডি কক আছেন ৬ নম্বরে।









