ব্যাটিং ব্যর্থতার কারণেই এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান হেরেছে বলে মনে করছেন পাক কোচ ওযাকার ইউনূস।
তবে এ ম্যাচে বোলারদের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
ওয়াকার বলেন, পাকিস্তানী বোলাররা নিজেদের সামর্থের পরিচয় দিলেও ব্যাটিংয়ে আস্থার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। দুই জনের বেশি ব্যাটসম্যান ১০ এর বেশি রান করতে না পারাটা হতাশার।
পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই নিজেকে চেনাচ্ছেন আমির। দিন দিন সে উন্নতি করছে। আগামী দিনে জন্য সে পাকিস্তানের জন্য সম্পদ।
ভুল ত্রুটি শুধরে আগামী খেলাগুলোতে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলে জানিয়ে তিনি বলেন, ৮৩ রান জয়ের জন্য পর্যাপ্ত রান নয়। আরও ৪০-৫০ রান বেশি হলে আমাদের জন্য জয় সহজ হতো। সামনের ম্যাচ গুলোতে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।
সামনের দিনগুলোতে আমির তরুণ পেসারদের জন্য আদর্শ হয়ে থাকবে বলে মনে করছেন সাবেক এ ফাস্ট বোলার।
তিনি বলেন, তার যে পেস, সুইং এবং লাইন লেন্থ রয়েছে তাতে করে সে অবশ্যই আগামী দিনের তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ হতে পারে।
এদিকে পাকিস্তান আরও বেশি রান করলে জয়টা কঠিন হতো বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।






