ওভাল টেস্টে চতুর্থ দিনেই সাউথ আফ্রিকার পরাজয়ের মঞ্চ গড়েছিল ইংল্যান্ড। শেষ দিনে এসে ২৩৯ রানের জয়ের আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় লাগল না জো রুটের দলের। এর মাঝেই নিজের এবং ওভালের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন মঈন আলি।
কেনিংটনে সোমবার ৪ উইকেটে ১১৭ রানে ক্রিজে এসেছিল প্রোটিয়ারা। ফ্যাফ ডু প্লেসিসের দল পরে গুটিয়ে গেছে ২৫২ রানে। ৭২ রানে অপরাজিত থেকে রাত পার করা ডিন এলগার ক্যারিয়ারের অস্টম শতক তুলে ১৩৬ রানে থেমেছেন।
আরেক অপরাজিত টেম্বা বাভুমা ফেরেন ৩২ রানে। বাকিদের মধ্যে ক্রিস মরিস ২৪ ও কেশভ মহারাজ অপরাজিত ২৪ রানে পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।
টেস্টটি নানা কারণে ইংল্যান্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার ম্যাচে ঐতিবাহী ‘ওভাল’কেই একটি জয় উপহার দেয়ার দরকার ছিল তাদের। এই টেস্টের মধ্য দিয়েই যে শততম টেস্ট আয়োজনের এলিট তালিকায় চতুর্থ মাঠ বনে গেছে ভেন্যুটি। তার মাঝে আরেটি উপলক্ষ্য হয়ে এল মঈন আলির হ্যাটট্রিক।
ম্যাচের ৭৬তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে এলগার এবং কাগিসো রাবাদাকে ফেরান মঈন। এই ইংলিশ স্পিনারের বলে আউট দুই ব্যাটসম্যানের ক্যাচই নিয়েছেন বেন স্টোকস। পরে ৭৮তম ওভারের প্রথম বলে মরনে মরকেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
আম্পায়ার অবশ্য শুরুতে নটআউটই দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে সফল হন রুট। হ্যাটট্রিকের সঙ্গে তাই ইনিংসে মোট ৪৫ রানে চার উইকেট মঈনের। টেস্ট ইতিহাসের ৪৩তম হ্যাটট্রিক এটি। শততম টেস্টের পথ চলায় ওভালের ইতিহাসেও প্রথম।
এছাড়া অভিষেকের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পেসার টোবি রোল্যান্ড-জোন্স ৩টি, বেন স্টোকস ২টি এবং স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ১৭৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩১৩ রানে পৌঁছে মোট ৪৯২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জো রুট।









