আর মাত্র দিন কয়েক বাকি ছিল! শেষ হতে চলছিল অক্ষয় অভিনীত ‘কেসারি’ সিনেমার শুটিং। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। পুড়ে ছাই হয়ে গেল ‘কেসারি’ সিনেমার সেট। শুটিং শেষ হওয়ার মাত্র দশ দিন আগেই ভয়াবহ আগুনে পুড়ে গেল সব।
ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘কেসারি’ সিনেমাটি। মিলিটারি কমান্ডার, হাবিলদার ঈশ্বর সিং মাত্র একুশজন সৈনিক নিয়ে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, আফগানি সেনাদের সঙ্গে-চলছে সেই যুদ্ধের প্রস্তুতি। এমন ক্লাইম্যাক্সেরই শুটিং হচ্ছিলো। এরই মাঝে ঘটেছে বিপদ!
সিনে যুদ্ধের জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র থেকে লেগেছে ওই আগুন। তবে সেসময় সেটে ছিলেন না সিনেমার নায়ক অক্ষয় কুমার ও নায়িকা পরিনীতি চোপড়া। এই ঘটনার একদিন আগেই মুম্বাই ফিরে এসেছেন এই অভিনেতা। আর অভিনেত্রী রয়েছেন লন্ডনে।
মহারাষ্ট্রের ওই জেলায় চলছে ‘কেসারি’ শুটিং। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বেশ ক্ষতির সম্মুখিন হচ্ছে ‘কেসারি’র প্রযোজক।
প্রসঙ্গত কিছুদিন আগে ‘কেসারি’র শুটিং করতে গিয়ে বুকের পাঁজরে গুরুত্বর আঘাত পেয়ে খবরে এসেছিলেন অক্ষয়।









