আলজেরিয়া ও আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল। রেকর্ড গড়া হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার হয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছে লুকা জিদানের, যার আরেকটি পরিচয় ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে। ছেলের খেলা দেখতে এদিন গ্যালারিতে ছিলেন বাবা জিদান।
আলজেরিয়ার হয়ে গোলরক্ষক ছেলে লুকা জিদানের বিশ্বকাপ অভিষেক গ্যালারিতে বসে দেখা সুখকর হয়নি জিনেদিন জিদান। তবে দেখেছেন লিওনেল মেসির জাদুকরী এক হ্যাটট্রিকও। ২০০৬ বিশ্বকাপে লিওনেল মেসির অভিষেক, সেটি ছিল ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের শেষ আসর। ২০২৬ বিশ্বকাপে মেসি যখন হ্যাটট্রিক করলেন, আলজেরিয়া পোস্টে তখন জিদানের ছেলে লুকা গোলরক্ষক।
লুকা জিদান শৈশবের পুরোটা স্পেনে কাটিয়েছেন, তার মায়ের জন্মস্থান সেখানে। জিনেদিন জিদান ফরোয়ার্ড হিসেবে খেললেও, ছেলে গোলরক্ষক বেছে নিয়েছেন। আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তটি তার নিজের।
লুকা একবার সাক্ষাৎকারে বলেছিলেন,‘আমরা ছোটবেলা থেকেই আলজেরীয় সংস্কৃতিতে বড় হয়েছি। আলজেরিয়ার হয়ে খেলাটা সম্মানের। চূড়ান্ত সিদ্ধান্ত আমারই ছিল, কিন্তু আমার পরিবার, বাবা-মা, ভাই, দাদার সাথে কথা বলেছি। আমার বাবা খুশি হয়েছিলেন, তিনি জানতেন যে আমি এটাই করতে চেয়েছিলাম।’
লুকার বিশ্বকাপের অভিষেক সুখকর হল না। আর্জেন্টিনার বিপক্ষে হেরেছেন ৩-০ গোলে। লিওনেল মেসির হ্যাটট্রিক গোলগুলো হয়েছে তার গ্লাভসের আশপাশ দিয়েই।









