প্রেমিকের সাথে ঝগড়া করে ১৫০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠতে থাকে তরুণী। প্রেমিকার রাগ ভাঙাতে এবং তাকে বাঁচাতে পিছন পিছন তরুণ নিজেও টাওয়ার বেয়ে উঠতে শুরু করে।
সোমবার ৭ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ১৫০ ফুট উঁচু বিদ্যুতিক টাওয়ারের একেবারে চূড়ায় উঠে পড়েছেন তরুণী। তাকে ভাল করে দেখাও যাচ্ছে না। কেবল টাওয়ারের শীর্ষে একটি ছোট কালো বিন্দুর মতো দেখাচ্ছে তাকে। ভিডিওটি একটু জুম করার পর দেখা যায়, একটি নয়, দু’টি কালো বিন্দু আছে টাওয়ারের গায়ে। দ্বিতীয় বিন্দুটি তরুণীর প্রেমিক। তিনি তখনও পুরোপুরি টাওয়ারের মাথায় উঠতে পারেননি। ধীরে ধীরে একের পর এক ধাপ উঠে চলেছেন তিনিও। প্রেমিকার কাছে পৌঁছতে তারও আর বেশি দেরি নেই।
ছত্তীসগঢ়ের গোরেলা পেন্দ্রা মারওয়াহি জেলায় এমন ঘটনা ঘটে। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ৩০ মিনিটের মধ্যে দু’জনকেই টাওয়ার থেকে নিরাপদে নীচে নামিয়ে আনা হয় বলেও প্রতিবেদনে বলা হয়।
পুলিশ জানায়, ওই তরুণীর নাম অনিতা। তিনি পাশের গ্রামের মুকেশ নামে এক যুবকের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে সম্প্রতি কোনও বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হয়। রাগ করে টাওয়ারে উঠে পড়েন তরুণী। তিনি যাতে সেখান থেকে ঝাঁপ না দেন, বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে পিছন পিছন উঠেছিলেন যুবকও।









