মঙ্গলবার নিশ্চিত হয়ে গিয়েছিল ৫২ কেজি মেয়েদের উশু ইভেন্টে একটি পদক জিততে চলেছে বাংলাদেশ। বুধবার সুখবর এলো। ৪০ বছর পর বাংলাদেশকে এশিয়ান গেমসে দ্বিতীয় ব্যক্তিগত পদক এনে দিয়েছেন জিন্নাত আক্তার। উশুতে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।
৫২ কেজি ওজন শ্রেণিতে ইন্দোনেশিয়ার থারিসা দেয়া ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফায়েড হওয়ায় এশিয়ান গেমসে মঙ্গলবার সেমিফাইনালে পৌঁছান বাংলাদেশের জিন্নাত, এতেই পদক নিশ্চিত হয়ে যায়। উশুতে সেমিতে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত। সেমিতে চীনের উ ডিয়ের কাছে হেরে ফাইনালের তথা স্বর্ণ বা রৌপ্যের লড়াইয়ের টিকিট কাটা হয়নি তার।
জিন্নাতের আগে সবশেষ বাংলাদেশের হয়ে ব্যাক্তিগত পদক জিতেছিলেন মোসারোফ হোসেন। ১৯৮৬ গেমসে সাউথ কোরিয়ার সিউলে বক্সিংয়ে ছেলেদের লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।









