চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই ঘণ্টায় ৫২ বছরের দুঃসহ স্মৃতি!

পাভেল রহমান by পাভেল রহমান
3:48 অপরাহ্ন 14, মার্চ 2024
in বিনোদন
A A
সাদি মহম্মদ এর ছবি, স্মরণে বিশেষ স্মরণিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ঘরে সাদী মহম্মদের মৃতদেহ পাওয়া গেল, সেই ঘরটিতে বসেই গেল বছর মার্চ মাসে তার সঙ্গে দীর্ঘ আলাপের সুযোগ হয়েছিল। আমার ইন্টারভিউর জন্য ১৫ মিনিটই যথেষ্ট ছিল। কিন্তু তিনি আমাকে আড়াই ঘণ্টার ইন্টারভিউ দিয়েছিলেন। আমার মোবাইল ফোনটি চুরি হওয়ায় সেই রেকর্ড, ছবি হারিয়ে ফেলেছি। কিন্তু স্মৃতিতে ভাসছে সেই কথাগুলো।

স্বাধীন দেশে তার মায়ের মতো শহীদজায়াদের মূল্যায়ন কেন হলো না? সেই আক্ষেপই ঝরেছিল আধা ঘণ্টার বেশি সময়। তিনি মনে করতেন, তার মায়ের মতো শহীদজায়া যারা, তাদের স্বাধীনতা পুরস্কার পাওয়া উচিত।
সেদিন উনার মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তিনি বলেছিলেন- ‘আরেকদিন এসো, মায়ের সঙ্গে কথা বলিয়ে দেব। মা আজ একটু অসুস্থ আছেন।’ সেই শহীদজায়া মা ৯৬ বছর বয়সে মারা গেলেন কয়েক মাস আগে।

মাকে হারিয়ে সাদী মহম্মদ হয়তো বিষণ্ণ ছিলেন। কিন্তু তার চেয়েও বড় হৃদয়-বিদারক ঘটনার সাক্ষী হয়ে কাটিয়েছেন অনেক অনেক বছর। ১৯৭১ সালে তার বাবাকে (শহীদ সলিম উল্লাহ) হত্যা করা হয়েছে তারই চোখের সামনে। সেদিনের সেই ভয়াল স্মৃতি কীভাবে ভুলবেন তিনি? মায়ের লড়াই দেখে হয়তো তিনি সাহস পেতেন। সেই মা যখন মারা গেলেন, হয়তো তিনিও জীবনের উপর থেকে সাহস হারিয়েছেন।

সচেতনতামূলক পোস্টার সহ সবুজ গাছপালা ও ফুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
গণকবরে শহীদ সলিম উল্লাহ এবং পাশে শহীদ জায়া জেবুন্নেসার কবর

সাদী মহম্মদ কেন আত্মহত্যা করলেন? তা আমরা কেউই জানি না, জানবো না হয়তো কোনোদিন। কিন্তু ৭১ এর সেই ভয়াল স্মৃতি যে তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াতো, তা বুঝেছিলাম সেই আড়াই ঘণ্টার আলাপে।

সাদী মহম্মদের সঙ্গে সেদিন আলাপের পর থেকে আমি যখনই সলিম উল্লাহ রোড পার হয়ে বাসায় ফিরি, রাস্তার পাশের কবরস্থানটার দিকে তাকাই আর ভাবি এখানে রয়েছে মুক্তিযুদ্ধের গণকবর। তার পাশেই এখন রঙচটা কতশত বাড়ি, রেস্তুরা। অথচ এই কবরে অন্তত ২৫ জনকে কুয়োর মতো একটা জায়গায় পুঁতে রাখা হয়েছে। তাদের প্রায় সবাই সাদী মহম্মদের স্বজন-প্রতিবেশি।

বাসার সামনের ঈদগাঁর মাঠে তার সামনেই জবাই করা হয়েছে তার খালাতো ভাইকে। সেই ভাইকে মারার আগে গলায় দড়ি দিয়ে টেনে-হিঁচড়ে ঘুরানো হয়েছে পুরো পাড়া। চোখের সামনেই বাবাকে ছুরি মারা হয়েছে। সেই বাবাকে হাসপাতালে নিতে পারেননি। অনেকটা সময় ছুরির আঘাতের পরও বেঁচে ছিলেন সলিম উল্লাহ। আহত অবস্থায় বাবা তাকে বলেছিলেন, ‘আমি হয়তো বাঁচবো না। তোমরা বাঁচো’- বলে ধাক্কা দিয়ে সাদীকে পালাতে বলেছিলেন। আহত বাবাকে রেখে তিনি সেদিন পালিয়েছিলেন। দূর থেকে দেখেছিলেন, বিহারীরা তার বাবাকে মারতে দলবেঁধে ছুটে আসছেন। এরপর কী হয়েছিল তিনি আর দেখেননি। নিজের জীবন বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় চেয়েছিলেন। ভয়ে অনেকে আশ্রয় দেননি।

১৯৭১ সালের ২৩ মার্চ এই বাড়ির ছাদে বাংলাদেশের পতাকা উড়ানো হয়েছিল। ২৬ মার্চ ছিল শুক্রবার। বাড়ির সামনেই মসজিদ, জুম্মার নামাজ থেকে কেবল ঘরে ফিরেছেন সলিম উল্লাহ। মসজিদে জড়ো হওয়া অবাঙালিরা গুজব ছড়ায়, সলিম উল্লাহর বাড়ি থেকে মসজিদের দিকে গুলি ছোড়া হয়েছে। জুম্মার নামাজে গিয়েই সলিম উল্লাহ বুঝেছিলেন, খুব খারাপ কিছু হতে যাচ্ছে। নামাজ না পড়েই বাসায় চলে এসেছিলেন সেদিন। মসজিদে জুম্মার নামাজে কারা যেন উস্কানি দিয়েছে, এর পর থেকেই তাদের বাড়িতে ঢিল ছুঁড়া শুরু হয়। বিকেলের পর নিচতলায় আগুনও দেয়া হয়। রাত পর্যন্ত চলে হামলা। সবই নিজ চোখে দেখেছেন সেদিনের কিশোর সাদী।

সন্তানদের নিয়ে দোতলা থেকে পাশের বাড়িতে লাফিয়ে পড়েছিলেন শহীদ সলিম উল্লাহর স্ত্রী। মচকে গিয়েছিল পা। সেই মচকানো পা নিয়েই মুক্তিযুদ্ধের ৯ মাস ছুটে বেড়িয়েছেন বাঁচার আশায়। স্বাধীন দেশে ফিরে এত বড় সংসার নিয়ে সেই মায়ের আরেক লড়াই চলে, যা পাশে থেকে দেখেছেন সাদী মহম্মদ।

চট্টগ্রামে জনসমাগম, মানুষের ভিড় ও গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ
সাদী মহম্মদকে দেখতে পুরনো চার তলা বাড়িতে জড়ো হন আত্মীয় স্বজন

জীবন যুদ্ধে এত সাহসের সঙ্গে লড়াই করার পরও জীবনের এই শেষবেলায় তিনি কেন আত্মহত্যার মতো পথ বেছে নিলেন? তার উত্তর হয়তো মিলবে না কোনোদিন। কিন্তু তাজমহল রোড দিয়ে বাড়ি ফেরার পথে ওই কবরস্থানটা, ঈদগাঁ মাঠ আর পাশের পুরনো চারতলা বাড়িটা দেখলেই আমার চোখ জলে ভিজবে।

সাদী মহম্মদ সেদিন আড়াই ঘণ্টায় কত আলাপ যে করেছিলেন। বলছিলেন, এই বাড়িটাই মোহাম্মদপুরের প্রথম চারতলা বাড়ি। এক সময় এই বাড়ির ছাদে দাঁড়িয়ে বিকেলবেলা তারা দূরবীন দিয়ে ডিআইটির ঘড়িটায় দেখতেন কয়টা বাজে? পরে অনেক উঁচু উঁচু ভবন হওয়ায় আর দেখা যায় না। এ কথা শুনে আমি অবাক হয়েছিলাম। শেখ কামাল ছিলেন তার বড় ভাইয়ের বন্ধু, প্রায়ই এসে রাতে থাকতেন। অনেক সময় বাসায় না বলেই চলে আসতেন। বঙ্গবন্ধুর স্ত্রী তাদের বাসায় প্রায়ই টেলিফোন করতেন। সেদিনের সেই আলাপের পর আমি যখনই ওই ঈদগাঁ মাঠের পাশ দিয়ে যাই, কবরস্থানের দিকে তাকাই আর শ্রদ্ধায় নত হই। সলিম উল্লাহ রোডে এখন অনেক খাবারের দোকান হয়েছে। সেখানে গেলেই ভাবি সময় কেমন পাল্টে যায়?

বর্ধমান পুরোনো বহুতল ভবনের ছবি, ধ্বংসপ্রাপ্ত ও অবহেলিত. Channel i News - চ্যানেল আই নিউজ
মোহাম্মদপুর অঞ্চলের প্রথম চার তলা বাড়িটি ছিলো সাদী মহম্মদদের

কিন্তু সাদী মহম্মদ কি এত সহজে ভাবতে পারতেন? এই সলিম উল্লাহ রোড, তাজমহল রোড যে তার জীবনের কী ভয়ংকর অধ্যায়! তাই তো শহরের আধুনিক বিবর্তন হওয়ার পরও হয়তো তিনি সেই পুরনো বাড়িটা ছাড়তে পারেননি। নতুন কোনো ফ্ল্যাটে ওঠেননি। এই বাড়িটাকেও কোনো ডেভলপারকে দেওয়া হয়নি। আজন্ম তিনি এই বাড়িতেই থেকেছেন। আর এই বাড়িতেই তিনি নিজেই নিজের জীবনের যবনিকাও টেনেছেন।

মুক্তিযুদ্ধে বাবা-চাচা-ভাই হারানোর পর সেই কিশোর সাদীর মনে যে ক্ষত তৈরি হয়েছিল, একাকী জীবনে সাদী মহম্মদ কি কখনো সেই বিষণ্ণতা থেকে বের হতে পেরেছিলেন? বিদায় সাদী মহম্মদ। এই বাংলাদেশ আপনার বাবার রক্তে-ভেজা, আপনার মায়ের জীবনযুদ্ধের উপর গড়ে উঠা বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা।

 

ছবি: মিতুল আহমেদ

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: মুক্তিযুদ্ধমুক্তিযোদ্ধামোহাম্মদপুরলিড বিনোদনসংগীতসাদী মুহম্মদ
Previous Post

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-ম্যান’ খ্যাত অভিনেত্রী

Next Post

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

Next Post
এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের লোগো, একীভূতির ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সাফজয়ী রাজিয়া মাঠে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান জন্মের কয়েকঘণ্টা পর মারা গেছেন সাফজয়ী রাজিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT