মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে দাপটের সাথে গ্রুপপর্ব পার করেছিল বাংলাদেশ। একে একে কাজাখস্তান, পাকিস্তান, হংকং এবং চাইনিজ তাইপেকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আসে লাল-সবুজের দল। যেখানে মুখোমুখি হয় শক্তিশালী জাপানের। চোখে-চোখ রেখে লড়াই করেও অবশ্য শেষপর্যন্ত ২-০ গোলে হেরে সেমিফাইনালের সপ্ন ভেস্তে গেছে শারিকা রিমনের দলের।
চীনের মকিতে ম্যাচের প্রথমদিকে বেশ চাপ তৈরি করতে থাকে জাপান। দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশও। প্রথম কোয়ার্টারে সমানতালে আক্রমণ গড়তে থাকে দুদল। তবে জালে দেখা মেলেনি প্রথম ১৫ মিনিটে।
দ্বিতীয় কোয়ার্টারে ২১ মিনিটে জাপানের দুর্দান্ত একটি গোলের শট ঠেকিয়ে দেন সানজিদা মনি। কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে লিড নেয় জাপান, গোল করেন ইয়োশিনো হিরাই।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়ে হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালায় জাপানের প্রান্তে। এই কোয়ার্টারের শেষদিকে একটি ভালো সুযোগ পান লনিমা নুপুর। বল ছিনিয়ে জাপান গোলরক্ষকের বিপক্ষে ওয়ান-ও-ওয়ান পরিস্থিতি তৈরি করেন তিনি। তবে স্টিকের সঙ্গে বল সংযোগ করতে পারেননি শেষঅবধি।
শেষ কোয়ার্টারে নেমেই গোল হজম করে শারিকা রিমনের দল। মোমোকা সুজুকর গোলে ২-০তে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচে শেষপর্যন্ত গোলের জন্য লড়াই করলেও হার এড়াতে পারেননি বাংলাদেশের মেয়েরা।
চীনের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে জাপান। আরেক সেমিতে ভারতের মুখোমুখি হবে সাউথ কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যে জয়ী দল। আসরের সেরা তিন দল সরাসরি ২০২৭ সালে মেয়েদের জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নেবে।









