মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে গ্রুপপর্বে একের পর এক বড় জয়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। চাইনেজ তাইপে, পাকিস্তান এবং কাজাখস্তানের পর সবশেষ হংকংকে উড়িয়ে দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ৬-০ গোলে জিতেছে শারিকা রিমনের দল।
চীনের মকিতে ম্যাচের নবম মিনিটে শারিকার গোলে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ১৯ মিনিটে আইরিন রিয়ার গোলে ব্যবধান দিগুণ হয়। ২৬ মিনিটে বোর্ডে তৃতীয় গোল যোগ করেন কণা আক্তার।
তৃতীয় কোয়ার্টারে ৩১তম মিনিটে লিমা এবং ৩৩ মিনিটে আইরিন জোড়া গোল পূর্ণ করেন। চতুর্থ কোয়ার্টারে ৪৮ মিনিটে লিমাও জোড়া গোল পূর্ণ করেন। আধাডজন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
চ্যালেঞ্জার গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এলিট গ্রুপ থেকে তৃতীয় হওয়া দেশের বিপক্ষে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে লড়বে লাল-সবুজের দলটি।









