অবশেষে চলতি এশিয়ান গেমসে পদকের দেখা পেতে চলেছে বাংলাদেশ। ক্রিকেট, ফুটবল, হকি বা কাবাডি ইভেন্টে নয়। উশুতে জিন্নাত আক্তারের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত। আরও এগিয়ে যাওয়ার সুযোগও আছে তার, রৌপ্য এবং স্বর্ণপদকের জন্যও লড়বেন তিনি।
৫২ কেজি ওজন শ্রেণিতে ইন্দোনেশিয়ার থারিসা দেয়া ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফায়েড হওয়ায় এশিয়ান গেমসে মঙ্গলবার সেমিফাইনালে পৌঁছেছেন বাংলাদেশের জিন্নাত, এতেই পদক নিশ্চিত হয়েছে। উশুতে সেমিতে জিতলে ফাইনালের টিকিট কাটবেন। তখন লড়বেন স্বর্ণপদকের জন্য, হেরে গেলে পাবেন রৌপ্যপদক।
এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ উশু ফেডারেশন। এই ইভেন্টে দুই সেমিফাইনালে হেরে যাওয়া দুজনই পান ব্রোঞ্জ পদক।









