পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচের জন্য কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে দেয়া হয়েছিল বিশ্রাম। তার বদলে ওই খেলার জন্য স্কোয়াডে ডাক পেয়েছিলেন জশ ক্লার্কসন। আকস্মিকভাবে কাঁধের চোটে পড়ায় ডানহাতি অলরাউন্ডার দল থেকে ছিটকে গেছেন। ক্লার্কসনের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন উইল ইয়াং।
সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়াং ৯৮ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। টপঅর্ডার এ ব্যাটার ২৬.৪০ গড়ে ১৪ ফিফটি এবং দুটি সেঞ্চুরিসহ করেছেন ২,২৯৭ রান। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তিনি ১৪ খেলায় ২০ গড়ে দুই ফিফটি সহ ২৬০ রান করেন।
এর আগে অকল্যান্ডে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচের আগে করোনা পজিটিভ হন মিচেল স্যান্টনার। ফলে সেই ম্যাচে তিনি মাঠে নামেননি। নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডারে চলতি সিরিজের স্কোয়াড থেকে অবশ্য বাদ পড়েননি।
নিউজিল্যান্ড ক্রিকেট আগেই বিবৃতিতে বলেছে, আগামী দিনগুলোতে স্যান্টনারের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। রোববার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি, অকল্যান্ড থেকে স্যান্টনার একাই সেখানে ভ্রমণ করবেন।
প্রথম ম্যাচ জিতে দারুণভাবেই সিরিজ শুরু করেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের অর্ধশতকে ভর করে স্বাগতিকরা ৮ উইকেটে ২২৬ রান তোলে। জবাবে বাবর আজমের ফিফটি রান তাড়ায় সরফকারীরা এগোতে থাকলেও ১৮০ রানে অলআউট হয়। কিউইরা ৪৬ রানের জয় পায়। বল হাতে দুরন্ত টিম সাউদি ২৫ রানের বিনিময়ে পান ৪ উইকেট।









