জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বিষয়টি নিয়ে একই সময়ে প্রকাশিত প্রতিবেদনে হুমায়ুন কবিরের বক্তব্যও উদ্ধৃত হয়েছে।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া। ফলে ট্রাম্পের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের জন্য তেমন সুযোগ থাকছে না।
তবে ট্রাম্প এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, বিষয়টি দ্বিপক্ষীয় পর্যায়ের এবং উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরে এমন বৈঠকের আয়োজন বিবেচনা করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন তিনি।
এদিকে ৮১তম ইউএনজিএ অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশের নতুন রূপরেখা, নেতৃত্ব ও নীতিগত দৃষ্টিভঙ্গি বিশ্বমঞ্চে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর বহর নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি জানান, প্রচলিত ধারার বাইরে এবার অত্যন্ত সীমিত পরিসরে প্রতিনিধিদল গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক বহরে রয়েছেন ৩৩ জন। এর বাইরে নিরাপত্তাকর্মী, প্রয়োজনীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিগত কয়েকজন কর্মী রয়েছেন।
রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং বহুপক্ষীয় কূটনীতিতে দেশের স্বার্থ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই সফরসঙ্গীর সংখ্যা সীমিত রাখা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।









