মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান এবং তার স্বামীকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী।
বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বিবিসি বলছে বুধবার তাদের দু’জনকে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে গ্রেপ্তার করা হয়।
কূটনৈতিক সূত্রটি জানায়, ভিকি বোম্যান যিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বোম্যানের স্বামী এবং বিশিষ্ট শিল্পী হটেন লিনকেও তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই দম্পতিকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হবে।
যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, মিয়ানমারে একজন ব্রিটিশ নারীর গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং কনস্যুলার সহায়তা দিচ্ছি।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে বোম্যান ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের দূতাবাসে দ্বিতীয় সচিব ছিলেন। বর্তমানে তিনি মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস-এ পরিচালক হিসেবে কাজ করছিলেন।









