যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য নিউইয়র্কের নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিউইয়র্ক পুলিশসহ বিভিন্ন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী। এক বাংলাদেশীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে।
গ্রেপ্তাররা সবাই অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। তার নাম সিব্বির আহমেদ।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি এবং অন্যান্য শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসী থাকেন। যুক্তরাষ্ট্রে যত বাংলাদেশি অভিবাসী রয়েছেন, তাদের প্রায় ৭০ ভাগের বসবাস এই অঙ্গরাজ্যটিতে।
এর আগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা পোস্ট করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখানে তিনি বলেন, আজ সকাল থেকে আমরা নিউইয়র্ক সিটিতে নামছি। এ শহরের প্রতিটি সড়কের ময়লার থলিগুলোকে আমরা উঠিয়ে নেব; কারণ আমাদের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিউইয়র্ক পুলিশের স্পেশাল অপারেশন ইউনিট, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই), ইউএস সিক্রেট সার্ভিস, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিএসএ) এবং ইউএস মার্শালের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত এক যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করছে।









