বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। একই সঙ্গে অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
গত ৩১ আগস্ট হোয়াইট হাউস থেকে প্রেরিত ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, বোয়িং বিমান ক্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেরিত চিঠি তিনি পেয়েছেন এবং এই ক্রয়ের সিদ্ধান্তের আন্তরিক প্রশংসা করছেন।
চিঠিতে বোয়িং-এর গুণগত মানের নিশ্চয়তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ ও গুরুত্বের কথা তিনি স্মরণে রাখবেন।
বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে ট্রাম্প লেখেন, বাংলাদেশের জনগণ অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে, তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এর জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
চিঠির শেষ অংশে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।









