কানাডার অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিপুলসংখ্যক মানুষকে দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। তার ভাষ্য, এর ফলে তৈরি হওয়া পরিস্থিতি শিগগিরই ‘সামলানোর বাইরে’ চলে যেতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন।
পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডা ‘কোটি কোটি’ মানুষকে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে। তার অভিযোগ, এ ধরনের অভিবাসন নীতির কারণে কানাডায় বেকারত্ব বাড়ছে। তিনি বিষয়টিকে ‘লিবারেল টেকওভার’ হিসেবেও উল্লেখ করেন।

তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।
এদিকে গত দুই বছরে অভিবাসন কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কানাডা। গণমাধ্যমগুলো কানাডার ইমিগ্রেশন বিভাগের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে অস্থায়ী বাসিন্দা আসার সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমেছে।
কানাডার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দর্শনার্থী, অস্থায়ী কর্মী, শিক্ষার্থী, অভিবাসী ও শরণার্থীদের জন্য নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা, মানবাধিকার, আন্তর্জাতিক অধিকার বা সংগঠিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার মতো বিভিন্ন কারণে কোনো ব্যক্তিকে কানাডায় প্রবেশের অযোগ্য ঘোষণা করা হতে পারে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন কানাডা অভিবাসন কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একই সঙ্গে আবাসন, কর্মসংস্থান ও সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপ কমাতে দেশটির সরকার অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে।









