ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাচ্ছে, এমন খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্য প্রচারকারীদের দেশদ্রোহী অপশক্তি বলেও মন্তব্য করেছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নিয়ে গণমাধ্যম ও বিশেষজ্ঞদের উদ্বেগ নাকচ করেন ট্রাম্প। তিনি বলেন, এসব দাবি আসলে যুক্তরাষ্ট্রের পরাজয় কামনাকারীদের ছড়ানো ‘শতভাগ ভুল তথ্য’।
অন্য এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে মধ্যম ও উচ্চমানের গোলাবারুদের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমান ও ভবিষ্যতের যেকোনো যুদ্ধের প্রয়োজন মেটানোর জন্য এই মজুত যথেষ্টের চেয়েও বেশি বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন গতিতে নতুন অস্ত্র তৈরি হচ্ছে। দেশের প্রয়োজন মেটানোর পর শিগগিরই মিত্র দেশগুলোর কাছেও এসব অস্ত্র আবার বিক্রি করা সম্ভব হবে।
এদিকে সামরিক সরঞ্জামের মজুত নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতার জন্য ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন। তার অভিযোগ, বাইডেন প্রশাসন ইউক্রেন ও ন্যাটোকে বিপুল পরিমাণ অস্ত্র বিনামূল্যে সরবরাহ করেছে। ট্রাম্পের মতে, এসব অস্ত্রের মূল্য ইউরোপের পরিশোধ করা উচিত ছিল এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সেই অর্থ দাবি করবে।









