বিদেশ থেকে আমদানি করা গাড়ির এবং হালকা ট্রাকের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক ধার্য করলো যুক্তরাষ্ট্র। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন।
আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছে, ২ এপ্রিল থেকে লাগু করা হবে এবং ৩ এপ্রিল থেকে সংগ্রহ করা হবে এবং এই শুল্ক স্থায়ী বলে জানিয়েছেন ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, এর ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই করের ফলে বছরে আনুমানিক ১০০ বিলিয়ন ডলার আয় বৃদ্ধি হবে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদনকারী সংস্থাদের সূত্র জানিয়েছে, সারা পৃথিবী থেকে তারা গাড়ির যন্ত্রাংশ আমদানি করে। তাদের ভয়, ট্রাম্পের এই নতুন সিদ্ধান্তের ফলে গাড়ি উৎপাদনের খরচ বাড়বে এবং বিক্রি কমবে।
দ্য সেন্টার ফর অটোমোটিভ রিসার্চ এর আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে নতুন ধার্য করা করের ফলে গাড়ির দাম অনেকাংশেই বৃদ্ধি পাবে।
এই নতুন কর আরোপের ফলে অ্যামেরিকার সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যিক লড়াই আরো জটিল হলো। বিশেষজ্ঞদের মতে, এর ফলে বিশ্ব বাণিজ্য পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে।
উপরন্তু সাধারণ মানুষের মধ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। এই শুল্কের বোঝা যদি তাদের উপর আরোপিত হয়, তাহলে অ্যামেরিকায় গাড়ির গড় মূল্য সাড়ে ১২ হাজার ডলারের কাছাকাছি হবে।
এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকো, জার্মানিসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।









