রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। শুক্রবার ৭ জুলাই বিকাল ৪টায় মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করা হয়।
এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, চলতি বছরের অক্টোবর থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে এমআরটি লাইন-৬ এর সংশ্লিষ্ট সব কাজ শেষ করতে কর্তৃপক্ষ কাজ করছে।
এমআরটি কর্তৃপক্ষ আশা করছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ২০২৫ সালের জুন মাসে শুরু হবে।
উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০,০০০ যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন উত্তরা ফেজ-৩, পল্লবী, রোকেয়া সরণী, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এবং জাতীয় প্রেসক্লাব হয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত বিস্তৃত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন।









