রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষ করে আজ লন্ডন থেকে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় রাষ্ট্রপতিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ লন্ডন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এর আগে, স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ১৬ দিনের সফরে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে ৬ নভেম্বর লন্ডনে পৌঁছান।
গত ১৩ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারিখ পরিবর্তন করা হয়।
৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।
তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতেন।









