আজ (৪ এপ্রিল) স্নেহাশীষ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ময়মনসিংহ শহরের একজন গুণী তবলাবাদক এবং লোক সংস্কৃতির সংগ্রাহক ও সংগঠক। তিনি ১৯৪১ সালে কুমিল্লার চাঁদপুরে জন্মগ্রহণ করেন।
প্রথম জীবনে তিনি পূবালী ব্যাংকে চাকরি করতেন তিনি। পরবর্তীতে চাকরি ছেড়ে ময়মনসিংহে স্থায়ী হন। সেখানে পাটগুদামে ‘সোনার বাংলা জুট মিলস’ নামে নিজের ব্যবসা শুরু করেন।
স্নেহাশীষ চৌধুরী ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন, জেলা মুকুল ফৌজ, শিশুতীর্থ, আনন্দধ্বনি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নজরুল সেনা, সন্ধান গোষ্ঠী, কাউন্টি ক্রিকেট ক্লাব, ‘মন পবনের নাও’ সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
স্বাধীনতা পরবর্তীকালে রাজনৈতিক জীবনে তিনি ময়মনসিংহ শহরের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জেলা শিল্পকলা একাডেমি প্রদত্ত লোকসঙ্গীত শাখায় ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৬ পদক’-এ ভূষিত হন।









