সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা। সঙ্গে বইছে হালকা বাতাস। দিনের শুরুতেই এমন আবহাওয়ার কারণে নগরজীবনে যেন বর্ষার আমেজ।
আবহাওয়া অধিদফতর বলছে, আজ ২৮ আগস্ট শুক্রবার দিনের বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণও।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে শুক্রবার ঢাকার আকাশ দিনের বড় একটি সময় মেঘলা থাকতে পারে। এর মধ্যে হঠাৎ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।









