সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে যোগ্য ও দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করে তিনি বলেন, সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শনিবার (২২ জুলাই) সেনাবাহিনী সদরদপ্তরে আয়োজিত প্রথম পর্বের সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
পদোন্নতি পর্ষদের বক্তব্যে সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের উর্ধ্বে উঠে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচিত করার জন্য জেষ্ঠ্য সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি সেনা সদস্যদের পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের প্রতিরক্ষার কাজে নয় বরং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশীদার। দেশের যেকোন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।









