সৌদি সরকারের রাজ অতিথি হিসেবে পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার ২৩ জুন রাতে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, ফার্স্টলেডি ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সেখানে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্ণর প্রিন্স বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী। পরে রাজ অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে পবিত্র মক্কা নগরীর সাফা রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়।
এর আগে ঢাকা থেকে মক্কা যাওয়ার পথে বিমানে সাধারণ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।









