ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শনিবার সন্ধ্যায় চার তরুণ কবি ও লেখকের হাতে তুলে দেওয়া হয়েছে সিটি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’। পুরস্কার প্রদান শেষে নজরুলগীতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। একক কণ্ঠে প্রায় ১০টি নজরুলগীতি পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ধানমন্ডি ২৭-এর বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। বিচারকমণ্ডলীর সদস্য সাহিত্যিক ইমদাদুল হক মিলন পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
কবিতা বিভাগে ‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন রনক জামান। গ্রন্থ, প্রবন্ধ ও গবেষণা বিভাগে ‘বাংলাদেশ পাঠ : সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’ বইয়ের জন্য রাফাত আলম, কথাসাহিত্য বিভাগে ‘ত্রিস্তান’ বইয়ের জন্য হামিম কামাল এবং শিশু-কিশোর সাহিত্য বিভাগে ‘দস্যু ও দুই দুরন্ত’ বইয়ের জন্য রবিউল কমল পুরস্কৃত হয়েছেন।
মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত গ্রন্থ না পাওয়ায় এবার এ বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয়নি।

অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ।
পুরস্কার প্রদান পর্বের পর বেঙ্গল শিল্পালয়ের পরিবেশ বদলে যায় নজরুলগীতির সুরে। শরতের সন্ধ্যায় প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে একে একে পরিবেশিত হয় ‘অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী’, ‘আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি’, ‘সে চলে গেছে বলে কি গো স্মৃতিও হায় যায়’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’র মতো গান।
এর সঙ্গে ছিল কি-বোর্ড, তবলা ও বাঁশির সঙ্গত। প্রায় ১০টি নজরুলগীতি পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ। গানগুলো একসময় বুদ্ধির মুক্তি আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর বিভিন্ন সভায় গাওয়া হতো।
এ বছর ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপন হচ্ছে। সংগঠনটির ঐতিহাসিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক পরিমণ্ডর স্মরণে অনুষ্ঠানের মঞ্চে সেই সময়ের বিভিন্ন সভায় গাওয়া নজরুলগীতি পরিবেশন করা হয়।
সন্ধ্যার এই আয়োজনে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক, গবেষক, চিত্রশিল্পীসহ বিভিন্ন শ্রেণির সাহিত্য ও শিল্পানুরাগী। পুরস্কার প্রদান ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বেঙ্গল শিল্পালয়ের আয়োজনটি হয়ে ওঠে সাহিত্য ও সংগীতের মিলনমেলা।
নবীন কবি ও লেখকদের সৃজনধারায় উৎসাহ দিতে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এই পুরস্কার দিয়ে আসছে। এখন পর্যন্ত ৭১ জন তরুণ কবি ও লেখক এই স্বীকৃতি পেয়েছেন। পুরস্কারটির অর্থমূল্য ২ লাখ টাকা।









