গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০২৪ এর তালিকায় বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। তালিকায় বিশ্বে সবচেয়ে শান্তির দেশ হিসেবে প্রথমে অবস্থান করছে আইসল্যান্ড।
অস্ট্রেলিয়াভিত্তিক ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস মঙ্গলবার (১১ জুন) গ্লোবাল পিস ইনডেক্স ২০২৪ প্রকাশ করেছে। এতে সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, সামরিকীকরণ এবং চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি মূল্যায়ন করে দেশগুলোর র্যাঙ্কিং করা হয়েছে।

জিপিআই ২০২৪ এর তালিকা মতে, বাংলাদেশ ২ দশমিক ১২৬ স্কোর নিয়ে ১৬৩টি দেশের মধ্যে ৯৩তম স্থানে একটি মাঝারি মানের শান্তির দেশ হিসেবে মর্যাদা অর্জন করেছে। ২ দশমিক ৩১৯ স্কোর নিয়ে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১১৬ তম। ১ দশমিক ১১২ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে আইসল্যান্ড।
তালিকায় সবথেকে খারাপ অবস্থানে রয়েছে ইয়েমেন। ৩ দশমিক ৩৯৭ স্কোর নিয়ে দেশটির অবস্থান ১৬৩ নাম্বারে।









