আবহাওয়াগত কারণের জন্য ডিজিজ প্যাটার্ন পরিবর্তনের বিষয়ে গবেষণা, জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যাপকভাবে কাজ করবে অকুপেশনাল এন্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ওএহাব) । একইসাথে পেশাগত স্বাস্থ্য সচেতনতা এবং পেশার সাথে সম্পর্কযুক্ত রোগব্যাধি নিয়ে গবেষণা করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করবে।
শুক্রবার (২৫ অগাস্ট) ঢাকার একটি রেস্তোরাঁয় অকুপেশনাল এন্ড এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশান অফ বাংলাদেশ (ওএহাব)-এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় উল্লিখিত বিষয়সমূহ এগিয়ে নেয়ার লক্ষ্যে আলোচনা করা করা হয়।
কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শফিউর রহমান। সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যত লক্ষ্যসমূহ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আইরিন হোসেন। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সবার উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভায় সামগ্রিকভাবে প্লাটফর্ম -এর আওতায় নিকট ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ এবং বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় সম্মানিত উপদেষ্টাবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শেখ আক্তার আহমাদ এবং অধ্যাপক ডাঃ মঞ্জুরুল হক খানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।









