অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি ধ্বংস হয়নি কিছুটা স্লথ হয়েছে। শিগগিরই অর্থনীতিতে আবারও গতি ফিরে আসবে। অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকরল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জুলাই রেকর্ড মূল্যস্ফীতি সম্পর্কে ড. সালেহউদ্দিন বলেন, সরবরাহ ব্যবস্থার ত্রুটিতে জিনিস-পত্রের দাম বাড়ে। সরাসরি তার এখতিয়ার না হলে সংশ্লিষ্টদের সঙ্গে বসার কথা জানান এ উপদেষ্টা।
বিবিএসের তথ্য বলছে, জুলাইয়ে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি হয়েছে রেকর্ড ১১ দশমিক ৬৬ শতাংশ।
অর্থ উপদেষ্টা আরও বলছেন, সরবরাহ ব্যবস্থার ত্রুটিতে জিনিসপত্রের দাম বাড়ে। বাংলাদেশে অর্থের অপচয় বন্ধ করতে হবে। শুধুমাত্র জরুরি উন্নয়ন প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেয়া হবে। স্থবিরতার যেন সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি দেয়া হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে, এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।
এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বৈঠক করেন উপদেষ্টা। এসময় চলমান উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন তিনি। পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের মত বিনিময় করেন তিনি।









