এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ঢাকায় বসছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। তিন দিনব্যাপী এ মেলায় ২০টির বেশি দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির অংশগ্রহণের কথা রয়েছে। আগামী ২৯ অক্টোবর শুরু হয়ে মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিটিটিএফ ২০২৬-এর আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে টোয়াব। অনুষ্ঠানে মেলার সময়সূচি, অংশগ্রহণকারী, অতিথি, স্পনসর ও অংশগ্রহণের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানানো হয়।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলায় দেশ-বিদেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, এয়ারলাইন্সসহ বিভিন্ন অংশীজন অংশ নেবেন।
আয়োজকরা জানান, নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে মেলায় উপস্থিতি নিশ্চিত করেছেন। এ ছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ আরও কয়েকটি দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজন মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
মেলায় বিভিন্ন দেশের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্য ও সেবাগুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বিদেশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছে টোয়াব। একই সঙ্গে বিভিন্ন দেশের পর্যটন অংশীদারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও অংশীদারত্ব তৈরির সুযোগও থাকবে।
আয়োজকরা বলেন, বিটিটিএফ বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রদর্শনী, ব্যবসায়িক যোগাযোগ, গন্তব্য প্রচার ও বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের পর্যটন খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
টোয়াবের দাবি, ১৩ বারের বেশি সফল আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন মেলায় পরিণত হয়েছে। একই প্ল্যাটফর্মে পর্যটনসংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে এসে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখছে এ মেলা।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ, সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য, বিটিটিএফ আয়োজক কমিটির সদস্য, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন, স্পনসর, অংশীদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিটিটিএফ ২০২৬ আয়োজনে সহযোগিতা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।









