আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে বিপাকে পড়ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বিক্রি কমেছে আশঙ্কজনক হারে।
বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। তবে ক্রেতাদের এক ভরি সোনার অলংকার কিনতে গুনতে হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৫৬৮ টাকা।
স্বর্ণের দাম বাড়ার প্রধান কারণ হিসাবে আমেরিকার ফেডারেল ব্যাঙ্কের সিদ্ধান্তকে দায়ী করা হচ্ছে। সম্প্রতি সুদের হার কমিয়েছে দেশটির কেন্দ্রীয় আর্থিক সংস্থা। পাশাপাশি, বিশ্ববাজারে দর কমেছে ডলারের।
বিশ্বের বিভিন্ন প্রান্তের অস্থিরতা সোনার দর বৃদ্ধির দ্বিতীয় বড় কারণ। ২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে যুদ্ধ। গত বছর (২০২৩ সাল) থেকে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের সঙ্গে হামাস ও হিজবুল্লাহর শুরু হয়েছে রক্তক্ষয়ী সংগ্রাম।
পশ্চিম এশিয়ার এই যুদ্ধে অন্তত চারটি দেশে সরাসরি জড়িয়ে রয়েছে। সেগুলো হল- ইসরায়েল, লেবানন, ইয়েমেন ও ইরান। পশ্চিম এশিয়ার এই সংঘাতে সিরিয়া, মিশর ও সৌদি আরব জড়িয়ে পড়লে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা বলাই বাহুল্য।
তখন স্বর্ণের দর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, যুদ্ধ বাড়লে আমজনতার পাশাপাশি সরকারি স্তরে হলুদ ধাতু কেনা ও তা মজুত করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।









