থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। মেয়াদের সময়সীমা নিয়ে হওয়া একটি মামলা বিবেচনাধীন থাকায় এ নির্দেশ দেয়া হয়।
২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রায়ুথ মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় আছেন, এমন অভিযোগ এনে মামলা করে থাইল্যান্ডের বিরোধীদলগুলো। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ৮ বছর দায়িত্বে থাকতে পারবেন, এমন বিধিবিধান রয়েছে। সেই হিসাবে প্রায়ুথের মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে বিরোধীরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়।
বিরোধীদের আবেদন বিবেচনায় নিয়ে আজ দেশটির সর্বোচ্চ আদালত এমন সিদ্ধান্ত দেয়। ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন প্রায়ুথ; ২০১৯ সালে সামরিক সরকারের অধীনে একটি নির্বাচনের পর তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।









